দুই মাসের মজুত ছিল, এত তেল গেল কোথায়: আসিফ মাহমুদ
সংবাদের আলো ডেস্ক: সরকার ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যে ২ মাসের তেলের মজুত কমে আসার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
ক্ষমতাসীন দলের লোকেরা তেল মজুত করেছেন উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আমি গত সরকারের পারচেজিং কমিটিতে ছিলাম। তেলের দুই মাসের মজুত থাকার কথা। এক মাসের মধ্যে কীভাবে এত দূরবস্থা হয়? অবশ্যই সরকারের ঘনিষ্ঠ কেউ মজুত করছে।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসক নিয়োগ দেয়ার মাধ্যমে বিএনপি গণতন্ত্রের ক্ষতি করেছে। বিএনপি যাদের মেয়র পদে নির্বাচন করাবে, তাদের কি প্রশাসক হিসেবে বসিয়ে দিয়েছে? প্রশাসক পদে বসেই তারা যদি নির্বাচন করবেন, তাহলে আর বাকিরা নির্বাচন করে কি করবে?
গুম সংক্রান্ত অধ্যাদেশে বিএনপির সংশোধনী আনার প্রস্তাবেরও সমালোচনা করেন আসিফ। তিনি বলেন, গুম সংক্রান্ত অধ্যাদেশে সংশোধনী আনার প্রস্তাব করার মাধ্যমে বিএনপি এটা প্রমাণ করছে যে তারাও গুম করতে চায়।
আসিফ মাহমুদ আরও বলেন, আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়ন মাধ্যমে এগিয়ে যেতে চান, তাহলে আমরা আপনাদের সঙ্গে রয়েছি। তা না হলে আমাদের জনগণের কাতারে এসে সঠিক গতিপথ বেছে নিতে হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।