বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, উল্টে গেল যাত্রীবাহী বাস

সংবাদের আলো ডেস্ক: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এ ঘটনায় অন্তত দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী-ফুলতলা স্লুইচগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমার থেকে দিনাজপুরগামী গেটলক ‘শাহী পরিবহন’এর একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই অধিকাংশ যাত্রী নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে চিকিৎসা নিতে চলে যান।

দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই যাত্রীরা চলে যান।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন প্রধান রাকিব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজন আহত যাত্রীকে উদ্ধার করা হয়। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়