রাতের আঁধারে দুস্থদের ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিলেন রমজান হোসেন
আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: উৎসবের আনন্দ সবার জীবনে সমানভাবে ধরা দেয় না—এমন বাস্তবতা থেকেই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের তরুণ সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা মো. রমজান হোসেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের ৫ শতাধিক অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
তবে এই উদ্যোগের বিশেষত্ব ছিল এর ব্যতিক্রমী আয়োজন। প্রচলিত নিয়মে দিনের বেলায় প্রকাশ্যে বিতরণ না করে তিনি বেছে নেন রাতের আঁধার, যাতে সুবিধাভোগী পরিবারগুলোর আত্মসম্মান অক্ষুণ্ণ থাকে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি নিজে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বড়ভাগ, মালা, টগরবন্দ, তিতুরকান্দী ও কৃষ্ণপুর এলাকার অসহায় পরিবারগুলোর দরজায় গিয়ে কড়া নেড়ে পৌঁছে দেন ঈদের উপহার। প্রতিটি প্যাকেটে ছিল উন্নতমানের পোলাও চাল, দুই ধরনের সেমাই, চিনি ও গুঁড়ো দুধ।
এ বিষয়ে মো. রমজান হোসেন বলেন, “মানুষের সেবা করাই রাজনীতি ও সমাজসেবার মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ যেন শুধু বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের অবহেলিত মানুষও যেন সমানভাবে উপভোগ করতে পারে—এই ভাবনা থেকেই আমার এই ছোট্ট প্রয়াস। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই।
তার এই নীরব মানবিক উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া পড়েছে। রাতের আঁধারে ঘরে ঘরে গিয়ে উপহার পৌঁছে দেওয়ায় উপকারভোগীরা যেমন বিস্মিত হয়েছেন, তেমনি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, প্রচারের বাইরে থেকে এভাবে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবার উজ্জ্বল উদাহরণ।
খাদ্য সামগ্রী বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মীরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। মো. রমজান হোসেন জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।