ইরানের স্কুলে হামলার তীব্র নিন্দা জানালেন ইতালির প্রধানমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: ইরানের স্কুলে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনে ওই প্রাথমিক বিদ্যালয়ে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। খবর আলজাজিরার।
বুধবার (১১ মার্চ) ইতালির সিনেটে মেলোনি বলেন, দক্ষিণ ইরানের মিনাব শহরের স্কুলে নারী শিশু শিক্ষার্থীদের ওপর এই হত্যাকাণ্ডের আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এই বিয়োগান্তক ঘটনার দায় দ্রুত নিরূপণ করা প্রয়োজন।
গত ২৮ ফেব্রুয়ারি হামলার প্রথম দিন দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি স্কুলে এই হামলা চালানো হয়। এতে অন্তত ১৭০ জন নিহত হয়েছে, যাদের বেশির ভাগ ৭ থেকে ১২ বছর বয়সী শিশু শিক্ষার্থী। বহু তথ্যপ্রামাণ বলছে, যুক্তরাষ্ট্রই এই হামলা চালিয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কাছাকাছি একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ নিয়ে একই দিনে ওই এলাকায় হামলার শিকার হওয়া এটি তৃতীয় জাহাজ।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ শিপিং লেন এখন সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা তদারকি সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, দুবাইয়ের উত্তর-পশ্চিমে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটি একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।