নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
সংবাদের আলো ডেস্ক: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগার পর ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৬৩ শিক্ষার্থী। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডের ভূঁইগড় শান্তিধারা এলাকার ওই মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে ৫তলাবিশিষ্ট ওই মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় লাইব্রেরি ও অফিস কক্ষে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই পুরো ভবনে প্রচণ্ড কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে ভেতরে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ সময় ঘন ধোঁয়ায় শ্বাস নিতে গিয়ে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, অসুস্থ হয়ে হাসপাতালে আসা ৬৩ শিক্ষার্থীর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা জানান, মাদ্রাসা ভবনের দোতলায় লাইব্রেরি ছিল। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে।
অসুস্থ শিক্ষার্থীদের বরাতে চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ সময় ভবনে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা হুড়োহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন। এতে ধোঁয়ার কারণে কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়।
কাঁচপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার পার্থ হালদার বলেন, মাদ্রাসার দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুন লাগে। এতে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ধোঁয়ার কারণে ঘুমন্ত অবস্থায় থাকা কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।
আগুনের সূত্রপাত সম্পর্কে পার্থ হালদার বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুনে মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।