অডিও ক্যাসেট শুনে শুনেই কোরআন মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম!
সংবাদের আলো ডেস্ক: অদম্য ইচ্ছাশক্তি, ধৈর্য ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসাকেই পুঁজি করে অডিও ক্যাসেটে রেকর্ড শুনে শুনে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছেন ইয়েমেনের ৮২ বছর বয়সী এক বৃদ্ধা। প্রায় এক দশকের নিরলস সাধনায় কোরআনের ৩০ পারা হিফজ সম্পন্ন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ।
ইয়েমেনের তায়েজ প্রদেশের জাবাল সাবর পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম ও বেড়ে ওঠা মরিয়মের। ছোটবেলায় গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল খুবই সীমিত। ফলে প্রাতিষ্ঠানিক শিক্ষার আলো থেকে বঞ্চিত হন তিনি। জীবনের দীর্ঘ সময় সংসারের দায়িত্ব পালন ও কৃষিকাজ করেই কাটিয়েছেন। কখনো পড়াশোনা শেখার সুযোগ না পেলেও পবিত্র কোরআনের প্রতি তার ভালোবাসা ছিল গভীর।
একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় বয়স থাকতেই সেই স্বপ্ন পূরণের যাত্রা শুরু করেন মরিয়ম। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের জন্য হিফজ শেখার সুযোগ আরও সহজ হয়ে ওঠে।
কোরআন মুখস্থ করার জন্য প্রতিদিনের একটি নির্দিষ্ট রুটিন তৈরি করেছিলেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে মুখস্থ করা আয়াত শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। এরপর সন্ধ্যায় বাড়ি ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে বারবার অনুশীলন করতেন। শুধু সন্ধ্যায় নয়, ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন। আগে শেখা আয়াতগুলো বারবার পড়ার মাধ্যমে স্মৃতিতে ধরে রাখার চেষ্টা করতেন। এভাবেই দিনের পর দিন চলতে থাকে তার সাধনা।
এই দীর্ঘ যাত্রায় তার সবচেয়ে বড় সহায় ছিল একটি ক্যাসেট প্লেয়ার। বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে বিশেষ পছন্দ করতেন তিনি। একটি ক্যাসেটের নির্দিষ্ট অংশ মুখস্থ হয়ে গেলে পরিবারের সদস্যরা তার জন্য পরবর্তী ক্যাসেটের ব্যবস্থা করতেন। কোরআনের কিছু আয়াতের মধ্যে শব্দ ও বর্ণনার মিল থাকায় সেগুলো আলাদা করে মনে রাখা বেশ কঠিন হয়ে পড়েছিল মরিয়মের জন্য। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের কিছু আয়াত মুখস্থ করতে তাকে বাড়তি সময় দিতে হয়েছে।
তবে কোনো বাধাতেই দমে যাননি তিনি। একই আয়াত বারবার শুনেছেন, অনুশীলন করেছেন এবং শিক্ষিকার কাছে মুখস্থ শুনিয়েছেন। এভাবে ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার ফলও পেয়েছেন। দীর্ঘ ১০ বছরের সাধনা শেষে ২০১৬ সালে সম্পূর্ণ কোরআনের ৩০ পারা মুখস্থ করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আবেগ ধরে রাখতে পারেননি। আনন্দে কেঁদে ফেলেন এবং সিজদায় গিয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।
মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। পরিবারের অনেক সদস্য উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। তবে তাদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, পড়তে-লিখতে না জানা তাদের মা ও দাদি কেবল শুনে শুনেই পবিত্র কোরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হয়েছেন। কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা পাঠ করার চেষ্টা করেন তিনি।
আল-মুশাহিদের প্রতিবেদনে মরিয়মের বয়স ৮২ বছরের বেশি বলে উল্লেখ করা হয়েছে। বয়সের ভার, উচ্চ রক্তচাপ ও শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। দৃষ্টিশক্তিও আগের তুলনায় কমেছে। বার্ধক্যের কারণে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে মাঝেমধ্যে অসুবিধা হলেও কোরআনের সঙ্গে তার সম্পর্ক এখনো অটুট রয়েছে।
মরিয়মের এই অসাধারণ সাধনার পুরো সময় কেটেছে ইয়েমেনের তায়েজ অঞ্চলে যুদ্ধ, সংঘাত ও অবরোধের কঠিন বাস্তবতার মধ্যে।
চারপাশে গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট এবং নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও তিনি নিজের লক্ষ্য থেকে সরে যাননি। বরং পবিত্র কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির অন্যতম উৎস। হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহর জীবন প্রমাণ করে, কোনো কিছু শেখার জন্য বয়স কিংবা প্রাতিষ্ঠানিক শিক্ষাই একমাত্র শর্ত নয়। প্রবল আগ্রহ, অধ্যবসায়, ধৈর্য ও দৃঢ় সংকল্প থাকলে কঠিন লক্ষ্যও অর্জন করা সম্ভব। তার এই অসাধারণ অর্জন নিঃসন্দেহে কোরআনপ্রেমী মানুষের জন্য এক অনুপ্রেরণার গল্প।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।