মিরপুরে রাড্ডা-নিউগিনি প্রপার্টিজে হামলা: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জামায়াতের উদ্বেগ
সংবাদের আলো ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণেই মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ইসিবি’র নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনা ঘটছে বলে মনে করছে জামায়াতে ইসলামী। এসব ঘটনায় নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংসদের এই বিরোধীদলটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের মাত্র ছয় মাসের মধ্যেই এসব ঘটনা ক্ষমতাসীনদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।
সরকার সন্ত্রাসীদের কোনো ধরনের প্রশ্রয় না দিয়ে কঠোর অবস্থান নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় বিপিএএমইএ সভাপতি বলেন, ব্যবসায়ীদের কাছে রাজনীতি মুখ্য বিষয় নয়; তারা ব্যবসা করতে চান। ব্যবসায়ীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংসদে বিরোধী দলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, গতকাল শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।