নিত্যপণ্যের বাজার ও জ্বালানি সংকট উত্তরণে সরকার সঠিক পথে রয়েছে: নওগাঁয় এমপি ধলু
সুবীর দাস: নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, জ্বালানি তেল, বিদ্যুৎ এবং গ্যাস খাতের সংকট থেকে দেশ ধীরে ধীরে উত্তরণের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সুফল বয়ে আনছে বলেও জানান তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নওগাঁ শহরে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন। এ সময় দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিয়ে সরকারের চলমান কার্যক্রমের নানা দিক তুলে ধরা হয়।
কর্মসূচির শুরুতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেওয়া হয়। পরে শহরের ঢাকাবাস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত এক গণসংযোগে অংশ নেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, নওগাঁ পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, সাবেক নওগাঁ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান এবং ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ।
এ সময় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।