জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বলেন, যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনের বিল আনা হবে। সংবিধানের অষ্টাদশ সংশোধনীর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজনৈতিক দলগুলোর সাথে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই সনদের বাইরেও আমাদের নির্বাচনী ইশতেহারে কিছু বিষয় ছিল, যেগুলো জনগণ পক্ষে ভোট দিয়েছে। সেগুলোও ধারণ করা হবে। একপাক্ষিকভাবে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। আজকের আলোচনায় ১৭টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।’
এসময় বাজেট বরাদ্দের সময় পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘উন্নয়ন প্রকল্পগুলো ভালোভাবে বাস্তবায়নের জন্য আর্থিক বছরের সময় পরিবর্তনের প্রস্তাব দেয়া হবে। ১ এপ্রিল থেকে ৩০ মার্চ পর্যন্ত আর্থিক বছর করার প্রস্তাব দেয়া হবে।’
তিনি বলেন, ‘সংবিধান সংশোধন সাপেক্ষে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল। অর্থাৎ সংবিধানে যেসব বিষয় রয়েছে, সেগুলো সংশোধন করা হবে।’
উচ্চকক্ষের গঠন নিয়েও কথা বলেন মন্ত্রী। বলেন, ‘আমাদের দেশের মতো এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থায় সাধারণত দ্বিকক্ষ আইনসভা হয় না। ফেডারেল সিস্টেমে এটা হয়, সেখানে বিভিন্ন রাজ্য, প্রদেশ থাকে। আমাদের এখানে এর প্রয়োজনীয়া আগে অনুভূত হয়নি। তবে রাষ্ট্রের প্রয়োজনে এককেন্দ্রিক রাষ্ট্রব্যবস্থায় যে উচ্চকক্ষ থাকবে না, এর বাঁধাধরা নিয়ম নিয়ম নেই। যেহেতু এখানে রাজ্য বা প্রদেশ নেই তাই প্রাদেশিক প্রতিনিধিত্ব সম্ভব না। রাষ্ট্র ও সমাজের গণমান্য ও মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে এই পরিষদের প্রস্তাবনা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক আগেই দিয়েছিলেন। আমাদের ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারেও ছিল। এটা ভবিষ্যতের বিষয়।’
কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, এমন কথার কোনো ভিত্তি নেই। যারা এখনো জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারাও আলোচনায় থাকতে চাইলে অংশ নিতে পারবে। ডিসেম্বরর মধ্যে আলোচনাসমূহ শেষ করা পরিকল্পনা আছে। এরপরই রিপোর্ট তৈরি করা হবে।’



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।