সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন: দ্রুতই মিল্কভিটা চালুর প্রতিশ্রুতি সংসদ সদস্যের

নওগাঁ প্রতিনিধি: দুগ্ধ উৎপাদনে নারী খামারী, উন্নয়নের অগ্রযাত্রা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি দৃষ্টিনন্দন ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রাণিসম্পদ দপ্তরে এসে শেষ হয়। র‍্যালি শেষে দপ্তরটির মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের পুষ্টির চাহিদা মেটানোর ক্ষেত্রে দুগ্ধ খামারিদের অবদান অনস্বীকার্য। দুধ থেকে কীভাবে বিভিন্ন বায়ো প্রোডাক্ট (উপজাত পণ্য) তৈরি করা যায়, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে।”

​খামারিদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, বর্তমান সরকার খামারিদের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নওগাঁর দুগ্ধ শিল্পের বিকাশ ও খামারিদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে জেলায় ‘মিল্কভিটা’ চালু করার দৃঢ় প্রতিশ্রুতি দেন তিনি।

​জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাহাফুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনামিকা নজরুল এবং জেলা ভেটেরিনারি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

​বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও আমিষের ঘাটতি পূরণে দুগ্ধ খামারিদের, বিশেষ করে নারী খামারিদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় দুগ্ধ খামারিরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়