রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

সংবাদের আলো ডেস্ক: আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেজন্য পুলিশ বাহিনীকে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬’ উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এই রাজারবাগ পুলিশলাইনেই হানাদার বাহিনী বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। স্বাধীনতা অর্জনের জন্য যে পুলিশ সদস্যরা আত্মাহুতি দিয়েছিলেন, যে কোনো মূল্যে সেই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল বা শক্তি যেন পুলিশকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেটি নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।

পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন প্রমাণ করেছে যে, একটি স্বাধীন ও পেশাদার বাহিনীর পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল কাজ। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে পুলিশ বাহিনী কাজ করবে, এটাই বর্তমান সরকারের প্রত্যাশা।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, শুধু দেশের অভ্যন্তরেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও বাংলাদেশ পুলিশের ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বিদেশের মাটিতে অর্জিত এই সুনাম দেশের অভ্যন্তরেও বজায় থাকবে এবং জনগণের সঙ্গে পুলিশের আচরণ হবে মানবিক ও জনবান্ধব।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল প্যারেড ও সালাম গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী এই আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়