সলঙ্গায় অটোচালক হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
আখতার হোসেন হিরন, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় অটোচালক নাঈম হাসান (২৫) গলাকেটে হত্যাকারীদের ফাঁসির দাবীতে গতকাল শুক্রবার বাদ আসর ধুবিল ইউনিয়নের মালতীনগর আমতলা বাজারে নাঈম হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চেয়ে নাঈম এর পরিবার সহ এলাকাবাসীদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আব্দুর রহিম মাস্টারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মোহর,সিনিয়র সহ-সভাপতি স.ম আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধুবিল ইউনিয়ন শাখার সভাপতি ড.জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল্লাহ সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: আব্দুল করিম সিরাজী,মুফতি মাও: আম্মার হোসাইন,মাও: আবুল কাশেম,ধুবিল ইউপি সদস্য আবুল হোসেন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি জিল্লুর রহমান,যুবদল নেতা ডাবলু, ধুবিল ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল মালেক সরকার,সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন দরিদ্র পরিবারের সংসারের হাল ধরতে নাঈম হাসান অটোরিকশা চালাতেন। হত্যাকারীরা তাঁকে নৃশংসভাবে গলা কেটে হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। তার হত্যাকারীদের এবং হত্যার সাথে আরো কেহ জড়িত থাকলে সঠিক তদন্ত পূর্বক গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন নাঈম এর পরিবারের পক্ষ থেকে তাঁর গর্ভধারিনী মা,বড় ভাই সোহেল রানা, স্ত্রী খাদিজা খাতুন সহ শিশু পুত্র ইমরান প্রমূখ।
তারা কান্নাজড়িত কন্ঠে বলেন নিহত নাঈম তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। দিনভর অটোরিকশা চালিয়ে সারাদিন যা আয় করতেন তাই দিয়ে সংসার চলত। গত বুধবার দিবাগত রাতে পরিবারের একমাত্র উপার্জনকৃত ব্যক্তিটিকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা।
এখন আমরা অসহায় হয়ে গেলাম,আমাদের আয়ের কোন উৎস নেই,জমিজমাও নেই, আমরা কি করে চলব,এমন নানা আহাজারিতে মানববন্ধনে উপস্থিত শতশত মানুষের চোখ ভিজে যায়। পরিবারের পক্ষ থেকে নাঈম হাসান হত্যায় জড়িতদের দ্রুত ফাঁসির দাবি জানান। যাতে করে আর কোন পরিবারকে এমন অভিভাবকহীন হয়ে না পরতে হয়। কোন মায়ের বুক খালি করে সন্তান হারা,স্ত্রী কে বিধবা, সন্তানকে এতিম না হতে হয়।
উল্লেখ্য,অটোরিক্সা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা নাঈমকে হত্যা করে। গত বুধবার সকালে রায়গঞ্জ উপজেলার নিমগাছি খৈচালা বিল এলাকা থেকে মালতীনগর নিবাসী মৃত নজরুল ইসলাম এর ছেলে নাঈম হাসান এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবীতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।