শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইরানের ওপর ট্রাম্পের দ্বিগুণ অর্থনৈতিক চাপ, হরমুজ প্রণালিতে টোল প্রদানকারীদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সংবাদের আলো ডেস্ক: ইরানের ওপর তার আর্থিক চাপ প্রয়োগের কৌশল কাজ করবে বলে ফের জোরালো দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  

ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালি অবরোধের ফলে ইরানিদের লাখ লাখ ডলার ক্ষতি হচ্ছে। পাশাপাশি, ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর চলমান নিষেধাজ্ঞাগুলো দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলছে বলেও দাবি তার।

এছাড়া, এই ক্রমবর্ধমান চাপের মুখে তেহরান শেষ পর্যন্ত তার শর্তানুযায়ী আলোচনায় বসতে বাধ্য হবে বলেও বিশ্বাস ট্রাম্পের। 

এদিকে, মার্কিন ট্রেজারি বিভাগ (অর্থ মন্ত্রণালয়) একটি নতুন ঘোষণা দিয়েছে। এখন থেকে যারা হরমুজ প্রণালি পার হওয়ার জন্য ইরানকে টোল (মাশুল) প্রদান করবে, সেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এটিকে অত্যন্ত গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে।

পাশাপাশি, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র মন্ত্রণালয়) একটি নতুন উদ্যোগের কথা জানিয়েছে। যার নাম দেওয়া হয়েছে মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট। এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের সরাসরি নিয়ন্ত্রণে থাকবে।

মূলত এটি এমন একটি জাহাজ জোট, যারা এই প্রণালি ব্যবহারের জন্য আমেরিকার শর্তাবলিতে সম্মত হবে। বিনিময়ে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো তাদের নিরাপত্তা দিয়ে পার করে দেবে এবং তাদের কোনো টোল দিতে হবে না।

পুরো বিষয়টি বেশ জটিল হলেও, মার্কিন যুক্তরাষ্ট্র-এর মাধ্যমে একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। একদিকে তারা হরমুজ প্রণালিতে অবরোধ বজায় রাখতে চায়, অন্যদিকে বিশ্ববাজারে তেলের সরবরাহও সচল রাখতে চায়— যেহেতু তেলের অভাব বিশ্ব অর্থনীতিতে এক বিশাল নেতিবাচক প্রভাব ফেলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়