দুদকের ৬ মামলায় আদালতে আত্মসমর্পণ, জেল হাজতে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক
পাবনা প্রতিনিধি: পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৬টি মামলায় জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে পাবনা সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, পাবনা মানসিক হাসপাতালে দায়িত্ব পালনকালে বিভিন্ন কেনাকাটা, ওষুধ সরবরাহ, খাদ্য ব্যবস্থাপনা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ডা. তন্ময়ের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা দায়ের করে দুদক। এসব মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মো. শহিদুল আলম। নির্ধারিত হাজিরার অংশ হিসেবে বুধবার আদালতে উপস্থিত হয়ে ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসের পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেন।
তবে দুদকের প্রসিকিউশন পক্ষ জামিনের বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, হাসপাতালের ওষুধ ক্রয়, খাবার সরবরাহ এবং বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজে বরাদ্দকৃত সরকারি অর্থের একটি অংশ আত্মসাতের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করা হয়েছে।
দীর্ঘ অনুসন্ধান ও তদন্ত শেষে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়। এক সময় জেলার স্বাস্থ্যখাতে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ডা. তন্ময় প্রকাশ বিশ্বাসের কারাগারে যাওয়ার ঘটনায় পাবনার স্বাস্থ্য বিভাগসহ স্থানীয় সচেতন মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।