নওগাঁর মহাদেবপুরে বৈশাখী মালা মহিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি: ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সরস্বতী পুর স্কুল মাঠে ব্যতিক্রমধর্মী এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে স্বরসতীপুর খেলার মাঠে স্থানীয় এলাকাবাসী উদ্যোগে বগুড়া মহিলা দল বনাম সিরাজগঞ্জ মহিলা দলের মধ্যে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শকদের ঢল নামে, সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তোলে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচটি ট্রাইবেকার পর্যন্ত গড়ায়।
সিরাজগঞ্জ দলকে পরাজিত করে বগুড়া দল বিজয়ী হয়।
এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈশাখী উদযাপন কমিটির সমন্বয়ক ও নওগাঁ জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান বাচ্চু, সদস্যসচিব ও ১০ নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, প্রধান সমন্বয়ক ও ১০ নং ভীমপুর ইউনিয়নের চেয়ারম্যান শ্রীরাম প্রসাদ ভদ্র সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথি নূর-ই আলম মিঠু বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলা শেষে ট্রফি হাতে নিয়ে উভয় দলের খেলোয়াড়রা আনন্দ উদ্যাপনে মেতে ওঠেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।