রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না জ্বালানি তেল

মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অপচয় রোধে টাঙ্গাইল জেলাব্যাপী একযোগে শুরু হয়েছে ‘ফুয়েল কার্ড’ কার্যক্রম। সেই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলাতেও আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে বৈধ ফুয়েল কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহনকে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

রোববার (১৯ এপ্রিল) নাগরপুর উপজেলায় এ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। নতুন এই নিয়ম অনুযায়ী, কার্ডধারী গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হবে। বর্তমানে অনলাইনে ফুয়েল কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। যারা এখনো আবেদন করেননি, তাদের দ্রুত আবেদন সম্পন্ন করে কার্ড সংগ্রহের জন্য প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আহ্বান জানানো হয়েছে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন বলেন, “জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সব ধরণের অনিয়ম রোধ করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আমরা কঠোর নজরদারি বজায় রাখব এবং সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে নিয়ম মেনে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।”

এই কার্যক্রম পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়াদ্দার, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাবিবুর রহমান হাবিব, নাগরপুর সরকার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এবং জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সরকার নির্ধারিত নতুন দাম অনুযায়ী— ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা প্রতি লিটার।

স্থানীয়রা আশা করছেন, জ্বালানি তেলের নিয়ন্ত্রিত এই বিতরণ ব্যবস্থা বাস্তবায়নের ফলে পুরো জেলায় জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরে আসবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়