সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

নিজের মতো তথ্য-উপাত্ত তৈরি করতে চায় না সরকার

সংবাদের আলো ডেস্ক: নিজের মতো করে তথ্য বা উপাত্ত তৈরি করতে চায় না বর্তমান সরকার। স্বাধীনভাবে কাজ করবে পরিসংখ্যান বিভাগ। আগের চেয়ে দ্রুত সময়ে ডেটা মিলবে— এমন আশ্বাস দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

সোমবার (১৩ এপ্রিল) সকালে মোট দেশজ উৎপাদন বা জিডিপি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সেমিনারে যোগ দিয়ে তিনি এই আশ্বাস দেন।

এতে জানানো হয়, জিডিপি হিসাবের ভিত্তি বছর ২০১৫-১৬ থেকে সরিয়ে ২০২৫-২৬ অর্থবছরে নেয়া হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত আসবে নতুন সরকারের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল ঠিক হবার পর।

শুধু কাগজে-কলমে জিডিপির প্রবৃদ্ধি বাড়িয়ে দেওয়ার বিষয়ে সেমিনারে সাংবাদিকরা সমালোচনা করেন।

জবাবে বিবিএস জানায়, রাজনৈতিক কারণে নয় বাংলাদেশ ব্যাংকের সেকেন্ডারি ডেটার ওপর নির্ভর করতে হয় অনেক ক্ষেত্রে। তাই অনেক উপাত্ত সবার সাথে মেলে না।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, কৃষিতে কর্মসংস্থান বাড়লেও সেখানে ছদ্ম বেকারত্ব আছে। শিল্পে কর্মী না বাড়লে অর্থনীতিতে সঠিক জোর আসবে না। আর মানুষ যথার্থ তথ্য না পেলে অপতথ্য বাড়বে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়