রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ

সংবাদের আলো ডেস্ক: আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এটি কোনো দলের বিষয় নয়, এটি বাংলাদেশ ও জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আমরা আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে না পারলেও সর্বাত্মক চেষ্টা করেছি। এই সরকার জুলাই যোদ্ধাদের জন্য পূর্বের সরকারের চেয়ে বেশি কি করেছে আমরা দেখতে চাই।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বাস্তবায়নের বেশ কিছু ক্ষেত্রে বর্তমান সরকারের অনীহা দেখা যাচ্ছে।

নাহিদ বলেন, আপনাদের প্রতি আহ্বান ও অনুরোধ থাকবে, আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বা জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার এবং জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।

এনসিপি আহ্বায়ক বলেন, আজকে আপনাদের সবার মধ্যেই আমরা সমান স্পিরিট দেখেছি। আমরা আবারও ঐক্যবদ্ধ আছি এবং রাজপথের জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ, আপনারাও সবাই প্রস্তুত আছেন।

তিনি বলেন, রাজপথের আন্দোলনে আপনারা সন্তান হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। এবার আপনারা সামনে নয়, বরং আজকে এই মঞ্চে যারা বসে আছি, আমরাই সবার সামনের সারিতে থাকব।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, গুলি এলে আগে আমাদের বুকে লাগবে। আপনারা শুধু আমাদের সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ ও সংস্কার প্রতিষ্ঠিত হবেই। শুধু বিএনপি কেন, অন্য যে শক্তিই হোক না কেন, চাই সে কোনো পরাশক্তি বা বৈদেশিক শক্তি হোক, আমরা তাদের পরাজিত করে ছাড়ব।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়