বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে

সংবাদের আলো ডেস্ক: জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে প্রতিটি মন্ত্রণালয়কে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠিত হয়েছে; তাই প্রতিটি মন্ত্রণালয়কে তাদের প্রত্যাশা পূরণে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিসভার বৈঠক (ক্যাবিনেট মিটিং) শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, এটি ছিল একটি অনানুষ্ঠানিক (ইনফরমাল) ক্যাবিনেট মিটিং। সেখানে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে দিকনির্দেশনা দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ আমাদের ভোট দিয়েছে তাদের পাশে থাকার জন্য। আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি। বাংলাদেশের মানুষের কল্যাণে প্রতিটি মন্ত্রণালয় যেন সুন্দরভাবে কাজ করে, সেটাই ছিল প্রধানমন্ত্রীর মূল বক্তব্য।’

বৈঠকে প্রধানমন্ত্রী নির্বাচনী অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দল হিসেবে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো যেন আমরা মনে রাখি। প্রতিটি মন্ত্রণালয়কে সেই অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এই নির্দেশনায় প্রতিটি মন্ত্রণালয়ের কর্মতৎপরতা ও স্বচ্ছতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়