বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা
সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে ভারতের নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেছেন তিনি।
মঙ্গলবার নবান্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, যেখানে বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে, সেখানে ভারতের নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
বাংলাদেশে নির্বাচনের সময় ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হলেও তা ভুল প্রমাণিত হয়েছে বলে দাবি করেন মমতা। তিনি বলেন, ওদের (ভারতের কমিশনের) শেখা উচিত। গত কয়েকদিন আগেই বাংলাদেশে নির্বাচন হলো। সবাই ভেবেছিলেন সহিংসতা হবে, কিন্তু দেখুন ওরা কত শান্তিপূর্ণ উপায়ে ভোট করেছে। আর ভারতে যা হচ্ছে তা লজ্জাজনক। নির্বাচন কমিশন এখন ‘তুঘলকি কমিশন’ হয়ে দাঁড়িয়েছে।
কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করে মমতা বলেন, গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছে। রাজতন্ত্র বা তুঘলকি আমলেও এমনটা দেখা যায়নি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে লাখ-লাখ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেক যোগ্য ভোটারও আছেন। চূড়ান্ত ভোটার তালিকা থেকেও অনেকের নাম বাদ দেওয়া হতে পারে। এটা ‘জোচ্চুরি’। বিজেপিকে সুবিধা করে দিতেই ভোটার তালিকায় এই কারচুপি করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯ আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে। নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট ৭৮টি আসনে জয়ী হয়ে সংসদে বিরোধী দল হিসেবে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে দেশি-বিদেশি অনেকের মধ্যে আশংকা থাকলেও, বাস্তবে নির্বাচন সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।