সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

জামালপুর-৪ আসনে বিপুল ভোটে নির্বাচিত শামীমকে মন্ত্রীত্ব দেওয়ার দাবি জেলাবাসীর

জামালপুর প্রতিনিধি: জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে বিপুল ভোটে নির্বাচিত এমপি ফরিদুল কবীর তালুকদার শামীমকে মন্ত্রীর আসনে দেখতে চায় জামালপুরবাসীর। বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের উত্তরসূরী ও জামালপুর জেলা বিএনপির টানা তিন বারের সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ১ লাখ ২ হাজার ৪০০ শত ৫৯ ভোটে জামায়াতে ইসলামীর প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর থেকেই জেলার সাধারণ মানুষের মুখে এখন একটাই কথা জনপ্রিয় ও মানবিক নেতা ফরিদুল কবীর তালুকদার শামীমকে পুর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চান তারা। তাদের বিশ্বাস, বৃহত্তর পরিসরে দায়িত্ব পেলে তিনি জামালপুরসহ পুরো অঞ্চলের উন্নয়নকে আরও গতিশীল করতে সক্ষম হবেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে থাকা এই গুরুত্বপূর্ণ আসন পুনরুদ্ধার করে তিনি জামালপুর জেলায় এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করলেন।

তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে সরিষাবাড়ীসহ জামালপুর সর্বস্তরের মানুষের একমাত্র আস্থার প্রতীক হিসেবে উঠে আসা রাজনৈতিক পরিবারের এই মানবিক নেতাকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে জেলাবাসী তাদের দীর্ঘ দিনের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চাচ্ছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সরিষাবাড়ীতে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ বয়ে যাচ্ছে। বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত মিছিল, শুভেচ্ছা আর অভিনন্দনে মুখর হয়ে ওঠেছে পুরো জনপদ।

অনেকেই এ বিজয়কে গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও পরিবর্তনের প্রতিফলন হিসেবে মনে করছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, বৃহত্তর ময়মনসিংহের ক্ষণজন্মা পুরুষ বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের উত্তরসূরী ( ভাতিজা) ফরিদুল কবীর তালুকদার শামীম। ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতির মাঠে তার অভিষেক।

এরপর কলেজ ছাত্র সংসদের ভিপি, উপজেলা ছাত্রদলের সভাপতি / সম্পাদক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর জেলা বিএনপির টানা তিনবারের সভাপতি, স্থানীয় পৌরসভায় টানা তিন বারের চেয়ারম্যান, উপজেলা পরিষদে জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান এবং সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে পরিচিত ফরিদুল কবীর তালুকদার শামীমের রাজনৈতিক জীবন সংগ্রাম মুখর। প্রতিকূল সময়ে হামলা, মামলা ও নির্যাতনের মুখেও তিনি দলকে সুসংগঠিত রাখতে অটল ছিলেন। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার মানবিক গুণাবলিই তাকে অনন্য করে তুলেছে।

রাজনৈতিক প্রতিহিংসা ও দুঃসময়ের মধ্যেও তার দৃঢ় অবস্থান ও সাহসিকতা আজকের এই বিজয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্থানীয়রা। উপজেলা বিএনপির সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আজিম উদ্দিন আহমেদ দাবি করে বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমলে দলীয় কর্মসূচিতে ঢাকা, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন শামীম তালুকদার। আন্দোলন-সংগ্রামসহ দলের পুনঃগঠন এবং নেতাকর্মীদের উজ্জীবিত করতে তার ধারাবাহিক উপস্থিতি তৃণমূল রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করেন দলীয় এ নেতা।

এ ব্যাপারে নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, তালুকদার পরিবারে জন্ম হলেও সাদামাটা জীবন-যাপন করতে বেশি ভালোবাসেন তিনি। ছাত্র রাজনীতি থেকে অদ্যবধি পর্যন্ত বিএনপির আদর্শ বুকে ধারণ করে চলছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি। বিভিন্ন হামলা-মামলার পরেও বিএনপির রাজনীতি থেকে কখনো দূরে সরে যাইনি।

আমার পূর্বপুরুষরাও এই জনপদের মানুষের সেবা করেছেন, আমরাও তাই করে যাচ্ছি। তিনি আরো বলেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে বিএনপি মনোনীত প্রার্থী করেছিলেন। জনগণ বিপুল ভোটে আমাকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করেছেন। আমি আমার নেতাকে জামালপুর-৪ আসন উপহার দিতে পেয়েছি। দল ও দলের চেয়ারম্যান যদি আমাকে মন্ত্রীর দায়িত্ব দেন সেই আমানত আমি রক্ষা করবো ইনশাআল্লাহ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়