মামলা-বাণিজ্যকে আমরা ঘৃণা করি: ডা. শফিকুর রহমান
সংবাদের আলো ডেস্ক: “মামলা-বাণিজ্যকে আমরা ঘৃণা করি। আমরা একে প্রশ্রয় দিই না। অনেকে আছেন যারা মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষের জীবন ধ্বংস করে দেয়; তাদের আমরা ছাড় দেব না। বরং যারা মিথ্যা মামলা-বাণিজ্য করবে, তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।”
পটুয়াখালীর বাউফল উপজেলার পাবলিক মাঠে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় নির্বাচন। গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামি। আমরা গোলামি চাই না, আজাদি চাই। ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ বিদায় হবে; কোনোদিন স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান হবে না। বিগত সরকার আমাদের দুর্নীতি, মামলাবাজি, দখলদারিত্ব, ফ্যাসিবাদ ও বিচারহীনতা উপহার দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। মহান রব্বুল আলামিন যদি আমাদের সুযোগ দেন, তবে ১৩ তারিখ নতুন সূর্য উদিত হবে।”
তিনি আরও বলেন, “আমরা দখলবাজি করি না, কাউকে করতে দেব না। আমরা চাঁদাবাজি করি না, কাউকে করতে দেব না। আমরা দুর্নীতি করি না, কাউকে করতে দেব না। এই বাংলাদেশে ব্যাংক লুট ও শেয়ারবাজার ডাকাতি করতে দেওয়া হবে না। যারা দুর্নীতি করে দেশের লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ তৌফিক দিলে সেই টাকা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হবে।”
এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বাউফল সরকারি কলেজ মাঠে নামেন তিনি। সেখান থেকে কড়া নিরাপত্তায় জনসভাস্থলে পৌঁছান। জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া।
বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, “গত ৫৫ বছরে যেসব নেতা, এমপি ও মন্ত্রী ছিলেন, তারা রাষ্ট্রকে ভাঙার কাজে জড়িত ছিলেন। হাজার হাজার কোটি টাকা লোপাট করে অর্থনীতি ধ্বংস করেছেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও মাফিয়াতন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন। তবে এই দেশ গড়ার মানুষও আছে, আর সেই মানুষ হলেন ডা. শফিকুর রহমান।” তিনি পটুয়াখালী-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদসহ ১১ দলীয় প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মো. বাবর, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী-১ আসনের এবি পার্টির প্রার্থী (ঈগল প্রতীক) মেজর ডা. আব্দুল ওহাব মিনার, পটুয়াখালী-২ আসনের প্রার্থী ডা. মো. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ আসনের মো. শাহ আলম, পটুয়াখালী-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী ডা. মো. জহিরুল ইসলাম এবং বরগুনা-১ আসনের প্রার্থী আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে নিহত সাংবাদিক মেহেদী হাসানের মা মাহমুদা বেগমসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।