উল্লাপাড়ায় বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উল্লাপাড়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ জাকারিয়ার নেতৃত্বে আবু হুরাইরা এতিমখানা চত্বর থেকে এক বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুলিস্তান মোড়ে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন আল আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহিদুল হাসান জোহা, তামিরুল মিল্লাত মাদরাসার ভিপি ইকবাল কবির, সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রেজাউন্নবী নূরুল্লাহ, উল্লাপাড়া উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ছাত্র শিবিরের প্রথম সভাপতি মীর কাশেম আলীর রুহের মাগফিরাত কামনা করেন।
তারা বলেন, বাংলাদেশ ছাত্র শিবির এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন, যারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বিগত ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতনের পরও ছাত্র শিবির মাথা উঁচু করে আদর্শের পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। বক্তারা আরও বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ছয়জন ছাত্রকে নিয়ে ছাত্র শিবিরের পথচলা শুরু হয়েছিল। দীর্ঘ পথ পেরিয়ে আজ ৪৯ বছরে ছাত্র শিবির লক্ষ লক্ষ ছাত্রের প্রাণের সংগঠনে পরিণত হয়েছে এবং আদর্শিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।