বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। কোনো দল বা ব্যক্তিকে নয়, বরং দেশের জনগণের ইচ্ছাকেই গুরুত্ব দিচ্ছে তারা—এমনটাই জানালেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রেসি অ্যান জ্যাকবসন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্যাকবসন বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। তাদের প্রত্যাশা, আগামী বছরের শুরুর নির্বাচনটি হবে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক। সেই নির্বাচনের মাধ্যমে একটি সফল গণতান্ত্রিক সরকার গঠিত হবে, যা বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবে।

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মার্কিন সরকার কোনো নির্দিষ্ট দলের পক্ষ নেয় না। বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান জানতেই নিয়মিত বৈঠক করে তারা। একইভাবে রাজনীতিবিদদের লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কেও আলোচনা চালায়।

জ্যাকবসন আরও বলেন, নির্বাচনের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। যুক্তরাষ্ট্র শুধু এ প্রক্রিয়ায় জনগণের সাফল্য কামনা করে।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি সিইসির সঙ্গে বৈঠকে অংশ নেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ বৈঠকে সিইসি ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়