শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে গ্রেফতার বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও

মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে আলোচিত সন্ত্রাসী বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিওকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকা অমিওকে শুক্রবার (১৫ আগষ্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার পুলিশ আগত গয়হাটা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, এনাম জাবির অমিওর নেতৃত্বে বেজি গ্রুপ কিশোর গ্যাং হিসাবে চাঁদাবাজি, চুরি, ছিনতাই এবং যৌন নিপীড়নসহ নানা অপরাধে জড়িত ছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় তারা ছাত্র-জনতার ওপরও হামলা চালিয়েছিল। তার বিরুদ্ধে ১০৯ নং এজাহারসহ মোট ৪টি মামলা রয়েছে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, “বেজি গ্রুপের প্রধান অমিওর গ্রেফতার এই এলাকার শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।”

গ্রেফতারের সময় অমিওর কাছ থেকে প্রয়োজনীয় প্রমাণাদি উদ্ধার করা হয়েছে। তাকে প্রয়োজনীয় পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেজি গ্রুপের তৎপরতায় এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। অমিওর গ্রেফতারের খবর পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়