সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা, শেরপুরে স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

মোঃ শাকিল মিয়া শ্রীরবদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর গ্রামে এক হৃদয়বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ৮০ বছর বয়সী এক ব্যক্তি তার পক্ষাঘাতগ্রস্ত স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই নির্মম ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগী নারী খোশেদা বেগম (৭০) প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী। তার স্বামী খলিলুর রহমান (৮০) শুক্রবার দুপুরে তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে উঠানে নিয়ে আসেন এবং কোদাল দিয়ে গর্ত খুঁড়ে তার ওপর মাটি চাপা দিতে থাকেন। এ সময় তিনি লাঠি দিয়েও স্ত্রীকে আঘাত করেন বলে ভিডিওতে দেখা যায়।

ঘটনার সময় তাদের নাতি মো. খোকন (১৯) ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে সাধারণ মানুষসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, খলিলুর রহমান দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে সঠিক চিকিৎসা না দিয়ে উল্টো শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। ঘটনার দিন খোশেদা বেগম বিছানায় মলত্যাগ করলে খলিলুর ক্ষিপ্ত হয়ে এমন ভয়াবহ পদক্ষেপ নেন।

স্থানীয় বাসিন্দা হাফিজ বলেন, “খলিলুর মানুষ হিসেবে খারাপ নন, কিন্তু কারও সঙ্গে খুব একটা মিশতেন না। স্ত্রী অসুস্থ হওয়ার পর সেবা করতেন, কিন্তু আজকের ঘটনা মেনে নেওয়ার মতো নয়।”

আরেক প্রতিবেশী সুজন জানান, “গতকালই স্ত্রীকে কমোড চেয়ার কিনে দিয়েছিলেন তিনি। স্ত্রী চোখে ভালো দেখেন না, কথাও কম বোঝেন। কিন্তু তাই বলে এমন নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না।”

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, “আমরা খবর পেয়েই তাৎক্ষণিক টিম পাঠিয়েছি। স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি আপাতত সামাজিকভাবে মীমাংসা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, “ভিডিওটি আমি নিজেই দেখেছি। ঘটনাটি মর্মান্তিক এবং ন্যাক্কারজনক। আইন অনুযায়ী আমরা যথাযথ ব্যবস্থা নেব।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নারী ও মানবাধিকার সংগঠনগুলোও এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়