বৃহস্পতিবার, ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

দুর্গাপুরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে  ভারতীয় নাগরিক আটক

রাজেশ গৌড়, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে মহিদুল মন্ডল (২৭) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে অনুপ্রবেশ আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ।

আটককৃত মহিদুল মন্ডল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম সুরত মন্ডল।

জানা যায়, মহিদুল মন্ডলকে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি ও দক্ষিণপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করেন। এসময় তিনি নিজেকে ভারতীয় বাসিন্দা বলে পরিচয় দেন। পরবর্তীতে বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মহিদুল মন্ডল জানান, ভারতের ভাঙ্গারি ব্যবসার কাজের সঙ্গে জড়িত ছিলেন। প্রায় ১৫ দিন আগে ভারতে থাকা বাংলাদেশির প্রলোভনে পড়ে কাজের আশায় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তবে বাংলাদেশে প্রবেশের পর তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে রেখে চলে গেলে তিনি বিভিন্ন জায়গা ঘুরে দুর্গাপুরে চলে আসেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, আটক মহিদুল মন্ডলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছেন ভারতের নাগরিক। তার কাছে বৈধ কোন কাগজপত্র না থাকায় অনুপ্রবেশ আইনে তার বিরুদ্ধে দুর্গাপুর থানা একটি মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়