,

শিরোনাম

বেলকুচিতে পূবালী ব্যাংকের ক্যাশলেস সেবা উদ্বোধন

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও বাংলা কিউআর বাস্তবায়নের লক্ষ্যে এক সচেতনতামূলক অনুষ্ঠান ও ক্যাশলেস সেবার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে পূবালী ব্যাংক পিএলসি বেলকুচি উপ-শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলার চালা পলাশ মার্কেট সংলগ্নে ফিতা কেটে ও একটি র‍্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাশলেস সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খামারগ্রাম শাখার ব্যবস্থাপক মো: ফারুক হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি বেলকুচি উপ-শাখার ব্যবস্থাপক মো: আব্দুল্লাহ আল মামুন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামারগ্রাম শাখার ব্যবস্থাপক মো: ফারুক হোসেন। প্রধান অতিথির বক্তব্যে মো: ফারুক হোসেন বলেন, বাংলা কিউআর নির্দিষ্ট কোনো কোম্পানির নয়, এটি বাংলাদেশ ব্যাংকের একটি জাতীয় উদ্যোগ। এর মাধ্যমে সব ধরনের পেমেন্ট সার্ভিস ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সুবিধা ভোগ করা যাবে।

এমনকি পিওএস মেশিনেও বাংলা কিউআর ব্যবহার সম্ভব। সাইবার নিরাপত্তার বিষয়ে গ্রাহকদের সতর্ক করে তিনি বলেন, অনলাইন লেনদেনে কিছু চ্যালেঞ্জ থাকলেও আমাদের সচেতনতা ও সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ, কেউ ওটিপি চাইলে তা কখনোই দেবেন না। ব্যাংক কর্মকর্তারা কখনোই গ্রাহকের কাছে ওটিপি চান না।

বেলকুচি উপ-শাখার ব্যবস্থাপক মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, পূবালী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে পুরাতন একটি বানিজ্যিক ব্যাংক। ব্যাংকটির বর্তমান ডিপোজিট ১ লক্ষ ১০ হাজার কোটি টাকার উপরে যা একটি মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের আস্থা ভালোবাসায় পূবালী ব্যাংক উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যাচ্ছে। বেলকুচিতে পূবালী ব্যাংক যে যাত্রা শুরু করলো এর সুফল এই এলাকার মানুষ পাবে এবং ক্যাশলেস ব্যাংকিংয়ে উদ্বুদ্ধ হতে সকলকে সহযোগীতা করবে। স্বচ্ছতা ও জবাবদিহীতা সৃষ্টি এবং দুর্নীতি রোধে ডিজিটাল ব্যাংকের কোনো বিকল্প নেই।

ব্যাংক কর্মকর্তারা জানান, বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে যেকোনো কেনাকাটার বিল পরিশোধ করতে পারবেন। এতে নগদ টাকা বহনের ঝুঁকি কমবে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ডিজিটাল পেমেন্ট গ্রহণ সহজ হবে। এ সময় ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়