,

শিরোনাম

বেলকুচির সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও আলোচনা সভা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী: শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলকুচির সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও আফরিন জাহান বলেন, আজকের দিনটি শিক্ষার্থীদের জন্য একই সঙ্গে বেদনা ও আনন্দের। দীর্ঘদিনের পরিচিত বিদ্যালয় ছেড়ে যাওয়ার কারণে দিনটি যেমন বেদনাদায়ক, তেমনি প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে মাধ্যমিক পর্যায়ে প্রবেশের সুযোগ তাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি শিশুই সম্ভাবনাময় ও মেধাবী। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে থাকা মেধা ও সম্ভাবনার বিকাশ ঘটাতে হবে। এ জন্য মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্কাউটিং ও গার্ল গাইডের মতো সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে সতর্ক করে তিনি বলেন, ছোট বয়স থেকেই স্মার্টফোন ও অনলাইন আসক্তি থেকে দূরে থাকতে হবে। পড়াশোনায় মনোযোগ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করতে হবে। এতে তারা পড়াশোনার প্রতি আগ্রহী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এমনভাবে নিজেদের গড়ে তুলতে হবে, যেন মা-বাবা, শিক্ষক ও প্রতিবেশীরা তাদের নিয়ে গর্ব করতে পারেন। ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুঝাত তাবাসসুম শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানান।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে শিক্ষাজীবনের প্রথম ধাপ। এই ধাপ অতিক্রম করে শিক্ষার্থীরা এখন মাধ্যমিক এবং পরবর্তী সময়ে উচ্চমাধ্যমিক পর্যায়ে যাবে। তাই এখন থেকেই নিজেদের স্বপ্নকে বড় করতে হবে। কারণ, মানুষ তার স্বপ্নের সমান বড়।

তিনি আরও বলেন, কেউ ডাক্তার, কেউ প্রকৌশলী, কেউ প্রশাসক, আবার কেউ বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে। যে যে অবস্থানে পৌঁছাতে চায়, তাকে এখন থেকেই সেই স্বপ্ন বাস্তবায়নের প্রস্তুতি নিতে হবে। স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় পরিশ্রম, অধ্যবসায় ও নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে।

সোহাগপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাতুল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক বাবর আলী ও ম্যানেজিং কমিটির সহসভাপতি রাশেদ মিয়া সঞ্চালনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, বেলকুচি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন মিয়া। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়