,

শিরোনাম

চিকিৎসার টাকা জোগাড়ে অসহায় বাবা, আব্রাহামের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

খাইরুল ইসলাম, কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সন্তানকে সুস্থ করে তুলতে চান বাবা আব্দুল হালিম। কিন্তু ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় দুই লাখ টাকা জোগাড় করতে পারছিলেন না তিনি। পেশায় রাজমিস্ত্রি হালিমের সংসার চলে দিন এনে দিন খেয়ে। এর মধ্যে পাঁচ মাস বয়সী ছেলে আব্রাহাম রহমানের জন্মগত হৃদ্‌রোগের চিকিৎসার খরচ জোগাড় করা তাঁর জন্য কঠিন হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে শিশুটির চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার রাতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে গিয়ে শিশুটির বাবা আব্দুল হালিমের হাতে নগদ অর্থ তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস।

পরিবারের সদস্যরা জানান, জন্মগতভাবে হৃদ্‌যন্ত্রে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া আব্রাহামের অস্ত্রোপচারের জন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু সীমিত আয়ের কারণে সেই টাকা জোগাড় করতে পারছিলেন না তাঁর বাবা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে আসে। বর্তমানে আব্রাহাম ঢাকার উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরের রেডিকেল হাসপাতালের তৃতীয় তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে। সেখানে ৩ নম্বর শয্যায় তার চিকিৎসা চলছে।

শিশুটির বাবা আব্দুল হালিম বলেন, আমি রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। আমার সন্তানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার ছিল না। পরে বিষয়টি সাংবাদিক ও বিএনপির সংশ্লিষ্ট ব্যক্তিদের জানাই। আজ প্রধানমন্ত্রীর নির্দেশে কায়েস ভাই আমার হাতে ৫০ হাজার টাকার একটি খাম তুলে দিয়েছেন। পাশাপাশি সন্তানের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। এই দুঃসময়ে সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল হালিম। তিনি বলেন, আমার সন্তানের বিপদের সময়ে যাঁরা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী টুকু ভাই, কায়েস ভাই ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানাই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়