,

শিরোনাম

বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনস বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

সংবাদের আলো ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ইরানি এয়ারলাইনসের আন্তর্জাতিক কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামীকাল বুধবার থেকে এই কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন দেশটির ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। সোমবার (২১ সেপ্টেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারির কথা জানান।

স্কট বেসেন্ট জানান, এই নিষেধাজ্ঞার আওতায় শুধু ইরানি এয়ারলাইনস নয়, তাদের কার্যক্রমে সহযোগিতা করা বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী, টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানও পড়বে।

তিনি আরও বলেন, এর ফলে কোনো ইরানি বিমান বিদেশে অবতরণ করলে কোনো ধরনের সেবা দেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেও ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান অর্থনৈতিক চাপের অংশ হিসেবেই সর্বশেষ এই হুমকি দেওয়া হয়েছে। এরই মধ্যে দেশ দুইটির মধ্যে চলমান যুদ্ধের পাশাপাশি তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপও অব্যাহত রয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুতে ইরানের যেসব এয়ারলাইনস এখনও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আসেনি, সেগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি বিভাগ। ইরানের বিমান চলাচল খাতকে সহযোগিতার অভিযোগে দেশটির বাইরের কয়েকটি কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।

তথ্যসূত্র: আল জাজিরা

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়