,

শিরোনাম

ক্ষোভ-আত্মসম্মান রক্ষার দৃঢ় প্রত্যয় নিয়ে লেখা এমপি নজরুলের স্ত্রীর চিরকুট

সংবাদের আলো ডেস্ক: জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড থেকে শুরু করে সাদা কাগজ লাল-কালো কালির আঁচড়ে লেখা প্রতিটি পাতায় ফুটে উঠেছে এক সম্পর্কের টানাপোড়েন। কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান রক্ষার দৃঢ় প্রত্যয়।

 সংসদ সদস্য গাজী নজরুলের বাসা থেকে উদ্ধার হওয়া একাধিক হস্তলিখিত চিঠিতে এমন চিত্রই উঠে এসেছে। উদ্ধার হওয়া এসব লেখায় সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি রয়েছে নিজেকে ‘দাবার ঘুঁটি’ মনে করার আক্ষেপ ও পরিণতির স্পষ্ট সতর্কবার্তা।

‘তুমিই ছিলে বিপক্ষ দলের সেনাপতি’

জাতীয় সংসদের অফিশিয়াল প্যাডে কালো কালিতে লেখা একটি অংশে বিশ্বাসভঙ্গের করুণ আক্ষেপ প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা—

“আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সাথে, কিন্তু জিততে পারিনি, হেরে গেলাম ময়দানে। জিতবোই বা কেমনে, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।”

অধিকার ও অপূর্ণতার দ্বন্দ্ব

আরেকটি সাধারণ সাদা পাতায় সম্পর্কের সামাজিক বৈধতা ও সীমাবদ্ধতা নিয়ে লেখা হয়েছে—

“সে ছিল অন্য নারীর স্বামী—কাগজে-কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা… অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ! কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের। কারণ, ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়—ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ!”

বিশ্বাসের ফাঁদ ও ‘দাবার ঘুঁটি’

আস্থাভঙ্গের অভিযোগ তুলে অপর একটি পাতায় লেখা হয়েছে— 

“সে বলেছিল—আজ থেকে আমরা বন্ধু, চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো—আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক ঘুঁটি।”

হুঁশিয়ারি ও আত্মসম্মানের বয়ান

সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় ক্ষোভের সঙ্গে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। তাতে লেখা—

“আমি হেরেছি, তুমি জিতেছো। কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো। দেখে নাও, এই হাসির কারণই হবে তোমার ধ্বংসের কারণ।”

পাশাপাশি লাল কালিতে লেখা একটি সংক্ষিপ্ত নোটে আত্মমর্যাদার সুর স্পষ্ট। সেখানে বলা হয়েছে—

“শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই… তা না হলে যতটা সস্তা ভাবছো, ততটা সস্তা আমি নই!”

চিঠির সঙ্গে ধর্মীয় আমলের পাতা 

চিঠিগুলোর সঙ্গে ‘১২-০৭-২০২৬’ তারিখ সংবলিত একটি পাতাও পাওয়া গেছে। ওই পাতায় ঘুমানোর আগে করণীয় কয়েকটি ধর্মীয় আমলের তালিকা লেখা রয়েছে।

পাতাটিতে লেখা- ১২-০৭-২০২৬ ঘুমানোর আগে ৬টি আমল : কালেমা পড়ে, দুরুদ শরীফ, ঘুমের দোয়া, আয়াতুল কুরসী, বিসমিল্লাহির রহমানির রাহিম ২১ বার, আস্তাগফিরুল্লাহ ৩ বার, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া এহিয়া, দুরুদ শরীফ ১১ বার, ইয়া আরহামার রাহিমিন ১১ বার।’’

উদ্ধার হওয়া এসব হাতে লেখা পাতায় সম্পর্ক, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ এবং আত্মসম্মান রক্ষার নানা অনুভূতির প্রকাশ দেখা যায়। একই সঙ্গে একটি লেখায় ভবিষ্যৎ পরিণতি নিয়ে কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়