ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মধ্যে সংঘর্ষ
সংবাদের আলো ডেস্ক: আরব সাগরে ভারত ও পাকিস্তানের নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। খবর এনডিটিভির।
এই ঘটনার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের চার্জ ডিঅ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে ডেকে পাঠায় এবং পাকিস্তানি নৌবাহিনীর এমন ‘অপেশাদার ও অগ্রহণযোগ্য আচরণের’ তীব্র নিন্দা জানায়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আন্তর্জাতিক জলসীমায় এই সংঘর্ষের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভারতের দাবি, ১৯৯১ সালের চুক্তি অনুযায়ী সামরিক মহড়া বা চলাচলের ক্ষেত্রে আগে থেকেই নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। পাকিস্তানি নৌবাহিনী সেই নিয়মের ১০ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করতে পাকিস্তানি কূটনীতিককে অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি ইসলামাবাদেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এর প্রতিবাদ জানাতে ভারতীয় কূটনীতিককে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উত্তর আরব সাগরে রুটিন টহল দিচ্ছিল ভারতের একটি যুদ্ধজাহাজ। সে সময় ওমানের কাছে অত্যন্ত দ্রুতগতিতে ও বিপজ্জনকভাবে একটি পাকিস্তানি নৌযান এসে ভারতীয় জাহাজের সামনে চলে আসে এবং একপর্যায়ে জাহাজ দুটির সংঘর্ষ ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই জাহাজ দুটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
প্রসঙ্গত, এর আগে ২০১১ সালের জুনেও পাকিস্তান ও ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের মধ্যে এমন একটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।