ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস
সংবাদের আলো ডেস্ক: দীর্ঘ চিকিৎসা এবং জটিল অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। বর্তমানে তিনি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অত্যন্ত বিশেষায়িত ‘প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার’ হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
গতকাল রবিবার (১০ মে) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তার শারীরিক অবস্থার এই ইতিবাচক পরিবর্তনের তথ্য পাওয়া গেছে। সে সময় হাসপাতালে প্রবাসী সাংবাদিকরা তার সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় তার চিকিৎসার বিষয়ে জানা গেছে, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। চিকিৎসকরা তাকে বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থাকে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলছেন চিকিৎসকরা।
হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং তার ভাই মির্জা খোকন। তারা জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তার শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। চিকিৎসকের পরামর্শে প্রতিদিন হাসপাতালের নিচে হুইলচেয়ারে করে কিছু সময় চলাফেরাও করছেন তিনি। পাশাপাশি মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা তাকে একনজর দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন। তাদের সঙ্গে কথাও বলছেন তিনি।
মির্জা আব্বাসকে দেখতে রবিবার হাসপাতালে যান মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল শিকদার, যুগ্ম আহ্বায়ক গোলাম কবির, আল ইমরান এবং যুবদল নেতা ইমন হাসান। তারা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার পূর্ণ সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। তারা জানান, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী প্রতিনিয়ত তার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন এবং সুস্থতা কামনা করে বার্তা পাঠাচ্ছেন। এছাড়া বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীরা দোয়া মাহফিলের আয়োজন করছেন। দেশের বিভিন্ন মসজিদে তার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হচ্ছে।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, চিকিৎসা শেষে তিনি আবারও সক্রিয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।