ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় লাইনে উঠে গেল পাথরবোঝাই ট্রাক
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় একটি পাথরবোঝাই ট্রাক রেললাইনের ওপর উঠে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে ট্রাকটির চালক ও হেলপার আহত হয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন—চালক সোহেল রানা বাবু ও হেলপার হিমেল। তারা রাজশাহীর চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি সানটিং ট্রেনের ইঞ্জিন চলাচলের সময় রেলগেট বন্ধ ছিল না। এ সময় পাথরবোঝাই ট্রাকটি রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় সেটি লাইনের ওপর ছিটকে পড়ে। এতে ট্রাকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গেটকিপারের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
তবে ঈশ্বরদী রেলওয়ে থানার ইনচার্জ জিয়াউর রহমান জানান, সিগন্যাল পড়ার পর রেলগেট বন্ধ ছিল। সিগন্যাল শেষ হলে গেট খুলে দেওয়া হয়। ঠিক সেই সময় ট্রাকটি পার হওয়ার চেষ্টা করলে সানটিং ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে রেললাইনের ওপর থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরানোর কাজ চলছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।