জুলাই সনদে নোট অব ডিসেন্ট দিয়ে কলুষিত করা হয়েছে: নাহিদ ইসলাম
সংবাদের আলো ডেস্ক: কষ্টে অর্জিত জুলাই সনদে নোট অব ডিসেন্ট দিয়ে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, জুলাই জাতীয় সনদে ঐকমত্য কমিশনকে চাপ দিয়ে সনদের পাশে নোট অব ডিসেন্ট দেওয়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
রাজনৈতিক বিবেচনায় গভর্নর নিয়োগের অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, গভর্নর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। টিআইবির রিপোর্ট তুলে ধরে নাহিদ বলেন, বর্তমান সরকারের নির্বাচিত এমপিদের ৫৯.৪১ শতাংশ ঋণগ্রস্ত এবং যা বেশিরভাগ সরকারি দলের। সংসদ সদস্যদের ১১ হাজার কোটি টাকার বেশী ঋণ রয়েছে। যা অধিকাংশ সরকারি দলের। হাজার হাজার টাকা ঋণ যেন পুনঃ তফশিল করতে পারে এ জন্য রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির ভাষণের উপর কথা বলতে গিয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম এ রাষ্ট্রপতির অপসারণ প্রয়োজন। তাকে গ্রেফতার করা প্রয়োজন। এ রাষ্ট্রপতির কোনো অধিকার নেই এখানে থাকার। রাষ্ট্রপতি এস আলমের কাছে ইসলামী ব্যাংককে তুলে দেওয়ার কারিগর। যা কোটি কোটি আমানতদারকে পথে বসিয়েছে।
রাষ্ট্রপতির অধীনে শপথ নেওয়ার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সে সময়ের প্রেক্ষাপট ও এখনকার প্রেক্ষাপট ভিন্ন। তখন আমরা বলেছিলাম জাতীয় সরকার গঠনের কথা। সে সময় বিএনপি সেটা নাকচ করে দিয়েছিলো। আমাদের কাছে আরেকটি অপশন ছিলো ক্ষমতা আর্মির কাছে তুলে দেওয়া। আমরা যদি সেদিকে আগাতাম বিএনপি আজকে সংসদে বসতে পারতো কিনা সন্দেহ। দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা সেদিন সরকারে গিয়েছিলাম।
ভারত প্রসঙ্গে নাহিদ বলেন, শেখ হাসিনা ও ওসমান হাদীর খুনিদের ভারত আশ্রয় দিয়েছে। তাদের সাথে এ বিষয়গুলো নিয়ে বর্তমান সরকার কি কথা বলেছে আমরা জানতে চাই। ভারতের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই কিন্তু সেটা মর্য়াদার ভিত্তিতে। সাম্যের ভিত্তিতে। ভারত শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করে এদেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সেই দিনের কবর রচনা করতে হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।