চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে সংঘর্ষ, আহত ১০
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলায় সরকারি খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কামারবিল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মহেলা গ্রামের হাসিনুর রহমান হাসু তিন বছরের জন্য কামারবিলের একটি সরকারি পুকুর ইজারা নেন।
পরে বড়গুয়াখড়া গ্রামের মাসুম-ফারুক গংয়ের সঙ্গে চুক্তির মাধ্যমে তাদের অংশীদার করা হয়। তবে পরবর্তীতে হাসিনুর রহমান নিজেই এককভাবে পুকুরে মাছ চাষের সিদ্ধান্ত নেন এবং অংশীদারদের টাকা ফেরত দেওয়ার কথা জানান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার উভয় পক্ষ একযোগে ওই পুকুরে মাছ ছাড়তে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন মহেলা গ্রামের হাসিনুর রহমান হাসু, আব্দুর রশিদ, আব্দুস সাত্তার, আফজাল হোসেন, ফারুক হোসেন, রিপন হোসেন, মাহফুজুর রহমান ও মেহেদী হাসান সাগর। আহতদের মধ্যে কয়েকজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, “ঘটনার বিষয়ে জেনেছি। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।