বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাংলা একাডেমিতে শুরু সপ্তাহব্যাপী বৈশাখী মেলা

সংবাদের আলো ডেস্ক: বাংলা নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৈশাখী মেলা-১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টায় মেলার উদ্বোধন করা হয়।

সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির যৌথভাবে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানের শুরুতে বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা এবং দেশীয় পণ্যের প্রসারে বিসিক ও বাংলা একাডেমি যৌথভাবে দীর্ঘদিন ধরে এই মেলার আয়োজন করে আসছে।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এ দেশের মানুষ শান্তিপ্রিয়। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা ছাড়াই সবাই আনন্দের সঙ্গে বৈশাখ উদযাপন করতে পারবে। তিনি আরও বলেন, ক্ষুদ্র উদ্যোক্তারাই দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং তাদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই আয়োজন দেশের প্রত্যন্ত অঞ্চলেও ছড়িয়ে দিতে পারলে দেশীয় সংস্কৃতি ও অর্থনীতির উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বাংলা ভাষার ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, এই ভূখণ্ডের মানুষ প্রাচীনকাল থেকেই বাংলা ভাষা ধারণ করে আসছে। আমাদের ভবিষ্যৎও উজ্জ্বল হবে বলে আমরা আশাবাদী।

মেলায় বিভিন্ন উপকরণ যেমন কৃষিজাত পণ্য, হস্তশিল্প, মৃৎশিল্প, জামদানি, শীতলপাটি, নকশিকাঁথা, বস্ত্র, লোকজ খাবারসহ শিশুদের খেলনা ও বিনোদনের ব্যবস্থা রয়েছে। মোট ১৬০টি স্টলের মধ্যে ১৪৬টি বিভিন্ন উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া রয়েছে কারুশিল্প জোন, শিশুদের রাইড, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুলনাচ ও বায়োস্কোপ দেখার সুযোগ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পণ্যের জন্যও আলাদা স্টলের ব্যবস্থা করা হয়েছে।

বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়