রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: নাহিদ ইসলাম

সংবাদের আলো ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে আরেকটি দল রয়েছে, যারা বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আগামী ১২ই ফেব্রুয়ারি সেগুলো পরাজিত করতে হবে। বাংলাদেশকে দখলদারমুক্ত, আধিপত্যবাদমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ১২ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, ৫ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। আমরা ৫ই আগস্ট যেভাবে সফল করেছি, ওইভাবে সেদিনকেও সফল করবো। বিজয় নিয়েই ঘরে ফিরবো।

১১ লাখ মানুষের বসবাস হলেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা বঞ্চিত ঢাকা-১১ আসনের বাসিন্দাদের উল্লেখ করে তিনি আরও বলেন, এখানে অপর্যাপ্ত পরিমাণ নাগরিক সুবিধা। পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ, স্কুল ও হাসপাতাল নেই। এই বাড্ডা, ভাটারার প্রায় ৭০ শতাংশ মানুষ অর্থনীতির সঙ্গে যুক্ত। অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা এবং দিনমজুর, খেটে খাওয়া মানুষই এই এলাকার সংখ্যাগরিষ্ঠ। এই এলাকায় শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ৮ থেকে ১০ শতাংশ।

নাহিদ বলেন, এখানে কর্মসংস্থান নেই। স্বাস্থ্যখাতের প্রায় একশত ভাগ হচ্ছে প্রাইভেট সেক্টরের ওপর ডিপেন্ডেন্ট, কোনো সরকারি হাসপাতাল নাই এই আসনে। এই পুরো ঢাকা-১১ আসনে একটিও সরকারি হাইস্কুল নেই। সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে মাত্র ১৫টি। ফলে শিক্ষা এবং স্বাস্থ্য পুরোটা নির্ভরশীল হচ্ছে প্রাইভেট সেক্টরের ওপর। বর্ষাকালে প্রায় ৬০ শতাংশ রাস্তা সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায়, জলাবদ্ধতা তৈরি হয়। আপনারা সেগুলোর মধ্য দিয়েই আমাদের জীবনযাপন করতে হয়।

এর আগে, এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, অনেকেই নির্বাচনের সময় সরকার গঠন করার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের নির্বাচনী প্রচারণায় প্রত্যক্ষ করছি, প্রতিটি জেলায় জেলায় গিয়ে তারা ভুলভাল কথা বলছেন। নীলফামারীতে যেখানে মেডিকেল কলেজ আছে, সেখানে বলছেন মেডিকেল কলেজ করে দেবেন। কুমিল্লায় যেখানে ইপিজেড ২৫ বছর ধরে আছে, সেখানে বলছেন ইপিজেড করে দেবেন। ময়মনসিংহে যেখানে ভুট্টা চাষ হয়, সেখানে বলছেন সয়াবিনের চাষ হয়।

তিনি আরও বলেন, আপনারা যেই দেশকে জানেনই না, এই দেশের কোথায় মানুষের কী সমস্যা, কৃষকের কী সমস্যা, মেহনতি মানুষের কী কী সমস্যা—সেটাই আপনারা জানেন না। তাহলে কীভাবে আপনারা স্বপ্ন দেখেন যে আপনারা এই দেশকে মুক্তি দেবেন?

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়