লালমনিরহাটে দুলুর গণসংযোগে জনস্রোত।। অটোরিকশায় চড়ে ভোটারদের দুয়ারে সপরিবার প্রার্থী-
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট-৩ (সদর) আসনে নির্বাচনী প্রচারণায় এক ভিন্নধর্মী ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছেন বিএনপি মনোনীত প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা সভাপতি আসাদুল হাবিব দুলু। আজ সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও পাড়া-মহল্লায় দিনভর ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন তিনি।
এবারের প্রচারণায় বিশেষ আকর্ষণ ছিল প্রার্থীর প্রচারণার ধরন। কোনো বিলাসবহুল গাড়ি নয়, বরং সাধারণ মানুষের যান ব্যাটারিচালিত অটো রিকশায় চড়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আসাদুল হাবিব দুলু। আর এই অটোরিকশাটির চালকের আসনে ছিলেন তার বড় ছেলে আহনাফ হাবিব। সাথে ছিলেন প্রার্থীর সহধর্মিণী লায়লা হাবিব। বাবা-মাকে নিয়ে ছেলের এমন প্রচারণার দৃশ্য ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
সকাল থেকেই প্রার্থীর নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী শহরের জেলা পরিষদ মোড়, পিংকি মোড়, বত্রিশ হাজারি মোড় সহ সদরের বিভিন্ন পাড়া ও মহল্লায় গণসংযোগ চালায়।
প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে এবং শুভেচ্ছা জানাতে প্রতিটি স্পটে শত শত নারী-পুরুষ ও সাধারণ সমর্থক ভিড় জমান। এসময় দুলু সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
বিভিন্ন স্থানে আয়োজিত উঠান বৈঠকে আসাদুল হাবিব দুলু ভোটারদের সামনে তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বলেন,আমরা একটি সুখী, সমৃদ্ধ এবং মাদকমুক্ত লালমনিরহাট গড়তে চাই। যেখানে থাকবে না কোনো অন্যায়, বৈষম্য বা জুলুম। আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমরা একটি উন্নত ও আলোকিত লালমনিরহাট উপহার দেব। এসময় তিনি আরোও বলেন, আমরা ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়ন।
গণসংযোগ ও উঠান বৈঠকগুলোতে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে এই প্রচারণা ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। দুলুর এই পারিবারিক ও বিনয়ী প্রচারণাকে ইতিবাচকভাবে দেখছেন সাধারণ ভোটাররা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।