শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আমাদের বিরক্ত করবেন না, ভালো থাকতে দেন

সংবাদের আলো ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন,আপনারা চরমোনাই ইসলামী দলের নেতাকর্মীদের নাম শুনেছেন। কিন্তু আপনারা ভালো করে জেনে রাখুন, আমরা কিন্তু সভ্যে সভ্য। কিন্তু আমাদেরকে যদি টালানো হয়, এমনভাবে গর্জন শুরু হবে, আপনাদেরকে খোঁজ তালাশ করেও পাওয়া যাবে না। আমাদেরকে বিরক্ত করবেন না, ভালো থাকতে দেন। আপনারাও ভালো থাকেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরগুনার আমতলী উপজেলার পৌরসভা চত্বরে আয়োজিত বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হোসাইন ওলিউল্লাহর নির্বাচনী জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বিভিন্ন দলের নেতারা সংসদে যেতে পারলে বা কোনো দল সরকার গঠন করতে পারলে আপনাদেরকে বিভিন্ন ধরনের আশা শোনায়। সোনার বাংলা করবে, সবুজ বাংলা করবে, এরপরে ডিজিটাল বাংলা করবে। কিন্ত আমরা অতো আশা শুনাতে না পারলেও আমি আপনাদেরকে একটা আশ্বাস দিতে পারি; আল্লাহ যদি কবুল করে আমাদেরকে বিজয় দান করে, আমরা আল্লাহর ফজলে বাংলার ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারব কোনে সন্দেহ নাই।

তিনি বলেন, মানুষের মুখে হাসি ফোটে কখন? যখন মানুষ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। এক কথায় সর্বক্ষেত্রে যখন সুন্দর পরিবেশ পায়। যখন দুর্নীতি থাকবে না তখন সর্বক্ষেত্রে মানুষের মুখে হাসি ফোটার পরিবেশ তৈরি হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোথাও হাতপাখা প্রতীকের প্রার্থী বিজয়ী না হলেও আল্লাহর রহমতে বরগুনা-১ আসনে বিজয়ী হবে। আমি আমতলীতে আসার পর বাস্তবতা শুনেছি। বর্তমানে যারা নির্বাচন করছে ওই দলীয় লোকজন এসে গোপনে আমার সঙ্গে দেখা করেছে। দেখা করার পর তারা এবং অন্যান্য দায়িত্বশীলরা বলেছে, বরগুনা-১ আসনে আল্লাহর রহমতে বিপুল ভোটের ব্যবধানে হাতপাখার বিজয় হবে।

জনসভার বক্তব্যে বরগুনার সনাতন ধর্মালম্বীসহ বিভিন্ন ধর্মের মানুষের উদ্দেশে তিনি বলেন, আপনারা চরমোনাইর খবর নিয়ে দেখবেন। সেখানের হিন্দুরা মিডিয়ার সামনে বুক ফুলিয়ে গর্ব করে বলেন, চরমোনাই ইউনিয়নে মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ আমরাও সেভাবে নিরাপদ। আপনারা জানেন ২৪ এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে এক শ্রেণি নেমেছে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও স্টেশন দখলের জন্য। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ নেমেছিল সংখ্যালঘুদের জানমাল ইজ্জত এবং তাদের উপাসনালয় হেফাজতের জন্য। এখন রুটিন পরিবর্তন করতে হবে। দিন আর রাত নেই, আমরা মা, ভাই ও বোনদের কাছে যাবো এবং দাওয়াত পৌঁছাব। যদি প্রয়োজন হয়, পা ধরে হলেও সমাজের পরিবর্তন, আখেরাত এবং দুনিয়ায় শান্তির জন্য হাতপাখা প্রতীককে বিজয়ী করতে হবে। 

জনসভায় উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে রেজাউল করীম বলেন, অনেক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাদের বরগুনার দুটি আসন থেকে দুই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এর মধ্যে বরগুনা-১ থেকে কেওরাবুনীয়া পীর সাহেব মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ নির্বাচন করছেন। সেকি ভালো না? যে ভালো তার থেকে আল্লাহর ফজলে আমরা পাবও ভালো। আর খারাপ যে, তার ভেতর থেকে ভালো পাবেন কোথা থেকে? সেই দিক থেকে আমাদের প্রার্থী ওলিউল্লাহকে আপনারা ভোট দেবেন। তাকে সহযোগিতা করে হাতপাখাকে বিজয়ী করবেন। আমি আপনাদের সামনে ওয়াদা করে বলছি, আল্লাহর ফজলে বরগুনা-১ আসন হবে বাংলাদেশের ভিতরে মডেল বরগুনা। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়