বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে  আলফাডাঙ্গায় মানববন্ধন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় এই কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে অংশ নেওয়া সবার হাতে ছিল ‘সাংবাদিক হত্যার বিচার চাই’, ‘অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করো’ এমন বিভিন্ন স্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড।

মানববন্ধনে বক্তারা বলেন,।সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা, কিন্তু সম্প্রতি যেভাবে সাংবাদিকরা বারবার হামলা ও হত্যার শিকার হচ্ছেন সেটা অত্যন্ত উদ্ধেগজনক। এটি স্বাধীন সাংবাদিকতা এবং মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধ করার গভীর ষড়যন্ত্র। তাঁরা আরও বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং এটি দেশের সমস্ত গণমাধ্যম কর্মীর ওপর একটি বড় আঘাত।

বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে, গণমাধ্যম কর্মীদের রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

গাজীপুরের ওই ঘটনার পর থেকেই স্থানীয় সাংবাদিক মহলে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা না হয়, তাহলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম আহমেদ মিলনের পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপির সাবেক সদস্য সচিব নুর জামান খসরু, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম খোশবুর রহমান খোকন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের
সাবেক সভাপতি শেখ সেকেন্দার আলম, সাবেক সহ সভাপতি খান আসাদুজ্জামান টুনু,উপজেলা প্রেসক্লাবের সভাপতি  আলমগীর কবির, প্রেসক্লাব আলফাডাঙ্গার সভাপতি আরিফুজ্জামান চাকলাদার ও প্রেসক্লাব আলফাডাঙ্গার সাংগঠনিক সম্পাদক  সাংবাদিক বুখারী মল্লিক প্রমূখ।

এ মানববন্ধন কর্মসূচি তে অংশ গ্রহণ করেন, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: নজরুল ইসলাম,  আলফাডাঙ্গা পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম শিকদার, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কালাম মুন্সি, উপজেলা শ্রমিক দলের নেতা বেলায়েত হোসেন, আলফাডাঙ্গায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীরা শত:স্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়