আটক ব্যক্তিকে জামায়াত কর্মী বানানোর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অনৈতিক কর্মকাণ্ডে স্থানীয়দের হাতে এক ব্যক্তি আটক হওয়ার পর তাকে জামায়াত কর্মী হিসেবে ট্যাগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সরিষাবাড়ী উপজেলা শাখা।
শুক্রবার (১৪ নভেম্বর ২০২৬) উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আক্তারুজ্জামান সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার ৫ নং পিংনা ইউনিয়ন এলাকায় দীর্ঘদিন ধরে বাবুল মিয়া নামের এক ব্যক্তির সাথে তার খালা শাশুড়ির অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করে আসছিলেন স্থানীয় এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে স্থানীয় জনতা তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটক বাবুল মিয়ার কাছ থেকে স্থানীয় এক ব্যক্তি জোরপূর্বক বিগত জাতীয় নির্বাচনে জামায়াতের পক্ষে ভোট চাওয়ার স্বীকারোক্তি আদায় করছেন। এই সূত্র ধরেই একটি স্বার্থান্বেষী মহল কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাকে জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার শুরু করে।
এই অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আক্তারুজ্জামান সোহাগ স্পষ্ট ভাষায় বলেন, “আটক বাবুল মিয়ার সাথে জামায়াতে ইসলামীর দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি বা তার পরিবার জামায়াতের রাজনীতির সাথে কখনো যুক্ত ছিলেন না। একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিল এবং জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জামায়াত কর্মী হিসেবে প্রচার করছে।”
তিনি আরও বলেন, “ইসলাম ও নৈতিকতার পরিপন্থী যেকোনো অপরাধমূলক কাজের জামায়াতে ইসলামী তীব্র নিন্দা জানায়। আমরা এই অনৈতিক ঘটনার সাথে জড়িত ব্যক্তির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ও উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।