,

শিরোনাম

সাংবাদিক খোকনের স্ত্রী-কন্যাসহ সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ৫

সংবাদের আলো ডেস্ক: পঞ্চগড়ের বোদায় যাত্রীবাহী থ্রি-হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় আহত আটজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকের স্ত্রী ও কন্যাসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী এবং পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক মাহমুদা আক্তার (৩৫), তাঁর আট বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পেছন থেকে একটি ট্রাক থ্রি-হুইলারটিকে ধাক্কা দেয়। এতে যানটি সড়কের পাশের ধানক্ষেতে ছিটকে পড়ে। এ সময় থ্রি-হুইলারের আট যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে গুরুতর আহত মাহমুদা আক্তার, তাঁর মেয়ে আল আকসা সুমাইয়াসহ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা ও তাঁর মেয়ে সম্প্রীতি এবং ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রমিলা রানী মারা যান।

এ দুর্ঘটনায় আহত অন্যরা হলেন বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়া এলাকার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়া এলাকার নাসরিন আক্তার (৪৬) ও তাঁর মেয়ে স্বীকৃতি (৭) এবং চন্দনবাড়ি ইউনিয়নের প্রামানিকপাড়া এলাকার আক্তারুজ্জামান (৩৩)।

দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, সড়ক দুর্ঘটনায় আহত আটজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। ট্রাকটি শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়