কামারখন্দে বালু অপসারণের নামে ফসলি জমি কেটে ৬০ ফুট গভীর গর্ত
সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জে নদী খননের পর জমে থাকা বালু অপসারণের কথা বলে নিলামে বিক্রি করা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ। অভিযোগ উঠেছে, সেই বালু সরানোর আড়ালে দীর্ঘদিন ধরে চলছে নতুন করে বালু উত্তোলন। ড্রেজার দিয়ে কেটে নেওয়া হচ্ছে ফসলি জমি। কোথাও তৈরি করা হচ্ছে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত। এতে একদিকে কমছে কৃষিজমি, অন্যদিকে নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজরে আসার পর অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বালু সরানোর নামে ফসলি জমি কেটে ড্রেজার দিয়ে অবিরাম বালু উত্তোলন চলছে। কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত, কোথাও আবার বিস্তীর্ণ মাঠ পরিণত হয়েছে বালুর স্তূপে। এমন চিত্র সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটিবেলাইয়ের নূরনগর এলাকার।
শুধু নূরনগর নয়, জেলার আলোকদিয়া, বরহরসহ বিস্তীর্ণ চরাঞ্চলেও বালু অপসারণের নামে চলছে এমন কর্মকাণ্ড। চুক্তি অনুযায়ী উত্তোলিত বালুর ৫০ শতাংশ পাওয়ার কথা জমির মালিকদের, বাকি ৫০ শতাংশ রাষ্ট্রের।
তবে বালু অপসারণের জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নিলামের মাধ্যমে বিক্রি করার পর থেকেই দেখা দেয় নানা জটিলতা। নিলামের শর্তে বিভিন্ন বিধিনিষেধ থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, স্তূপ করে রাখা বালু সরানোর পরিবর্তে নতুন করে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। কোথাও কোথাও ফসলি জমি কেটে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত তৈরি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বালু বিক্রির টাকা দিয়ে কী হবে, যদি এতে গ্রামেরই ক্ষতি হয়? ড্রেজার দিয়ে জমি কেটে নেওয়ায় আশপাশের কৃষিজমি ও বসতভিটা নদীতে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। বাঙ্গালি-করতোয়া-ফুলঝোড়-হুরাসাগড় নদী সিস্টেম ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ২০২১ সাল থেকে উত্তোলিত বালু অপসারণ ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ ও বগুড়া জেলার নদ-নদীর নাব্যতা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ এবং নদীভাঙন রোধের লক্ষ্যে নেওয়া হয়েছিল প্রকল্পটি। কিন্তু প্রকল্পের সুফল পাওয়ার পরিবর্তে বালু অপসারণের নামে ক্ষতির মুখে পড়েছেন নদীতীরবর্তী হাজারো মানুষ।
বিষয়টি নজরে এসেছে পানি উন্নয়ন বোর্ডেরও। অনিয়মের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসাইন বলেন, ‘ঝাটিবেলাই এবং আলোকদিয়ায় নিলামপ্রাপ্ত ব্যক্তিদের আর কোনো চুক্তির মেয়াদ নেই। আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেছি। যখনই আমাদের কাছে অভিযোগ আসছে, আপনাদের মাধ্যমে হোক কিংবা স্থানীয় লোকজনের কাছ থেকে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পক্ষ থেকে অভিযান পরিচালনা করছি।
বালু অপসারণের নামে চরাঞ্চলের ফসলি জমি কেটে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বিপর্যয়ের মুখে পড়েছেন নদীতীরবর্তী মানুষ। কৃষিজমি রক্ষা, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।