২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে উলিপুরে জামায়াতের বিক্ষোভ
খালেক পারভেজ লালু, কুড়িগ্রাম প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর শহরের গুনাইগাছ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন এলাকায় লগি-বৈঠা দিয়ে সংঘটিত হত্যাকাণ্ড দেশের রাজনৈতিক ইতিহাসের একটি নৃশংস অধ্যায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় সংঘটিত ওই হত্যাকাণ্ড দেশবাসীকে হতবাক করেছিল। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িতদের যথাযথ বিচার নিশ্চিত করা হয়নি।
বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক সহিংসতার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।উলিপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার, উলিপুর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মশিউর রহমান ও খায়রুজ্জামান সরকার এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ ফারাবী।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।