তিন দফা দাবিতে রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ
সংবাদের আলো ডেস্ক: বিদ্যুৎ সংযোগ ও পুলিশি হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকরা। সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটোরিকশাচালকরা।
এ সময় সড়কে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অটোরিকশাচালকরা। বিক্ষোভকারীরা, সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে অটোরিকশা ও ইজিবাইক চলাচলের বৈধ অনুমতি ও লাইসেন্সের ব্যবস্থা করার দাবিও জানান। তাদের অবস্থানের কারণে ব্যাহত হয় সড়কে যান চলাচল। ফলে বিভিন্ন এলাকায় যানজটের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
তারা আরও জানান, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় ব্যাটারি চার্জ দিতে পারছেন না তারা। ফলে অটোরিকশা চালাতে না পেরে অর্থসংকটে পড়ছেন তারা।
দ্রুত বিদ্যুৎ সংযোগসহ তিন দফা দাবি না মানা হলে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।