,

শিরোনাম

বান্দরবানের লামায় পাহাড় কাটার দায়ে ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা

আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে পাহাড় কাটার দায়ে ১৩টি ইটভাটাকে সর্বমোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযানে এই দণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এবং বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফাইতং ইউনিয়নের মোট ৩১টি ইটভাটার মধ্যে ১৩টিতে এই অভিযান চালানো হয়। পাহাড় বা টিলা কেটে পরিবেশগত ভারসাম্য নষ্ট করা এবং সেই মাটি ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় ইটভাটাগুলোকে এই জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, “বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা লঙ্ঘনে ১৫(১)(৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ ধারায় তাদের এই জরিমানা করা হয়েছে।” পরিবেশ রক্ষায় এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়