শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

প্রস্তাবিত বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করবে না: ভোলায় পরওয়ার

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে ব্যর্থ হবে। তিনি এ বাজেটকে উচ্চ ব্যয়সম্পন্ন ও বিদেশি ঋণনির্ভর উল্লেখ করে বলেন, এতে দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (১৩ জুন) ভোলা জেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, বাজেট ঘোষণার আগে জামায়াতে ইসলামী একটি বিকল্প ‘ছায়া বাজেট’ উপস্থাপন করেছিল। সেখানে রাজস্ব আদায় বৃদ্ধি, কর ব্যবস্থার সংস্কার, দুর্নীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ সম্প্রসারণ, ব্যাংক ঋণের ওপর নির্ভরতা হ্রাস এবং দেশীয় উৎস থেকে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছিল। কিন্তু সরকার এসব প্রস্তাব বিবেচনায় না নিয়ে বিদেশি ঋণের ওপর নির্ভরশীল একটি বড় আকারের বাজেট দিয়েছে।

তিনি আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া এই বাজেট জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তাই আগামী ৩০ জুন চূড়ান্ত অনুমোদনের আগে বাজেট পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধনের আহ্বান জানান তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, প্রস্তাবিত বাজেটের বিশাল ঘাটতি পূরণে সরকারের জন্য প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহ করা কঠিন হবে। তাদের প্রস্তাবিত ছায়া বাজেট তুলনামূলকভাবে অধিক জনবান্ধব ও বাস্তবসম্মত বলেও মন্তব্য করেন তিনি।

ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে গোলাম পরওয়ার বলেন, শুধু ইসলামী ব্যাংক নয়, দেশের অন্যান্য ব্যাংকেও বিভিন্ন ধরনের অনিয়ম ও অস্থিরতা রয়েছে। ইসলামী ব্যাংক কোনো রাজনৈতিক দলের সম্পদ নয়, বরং এটি দেশের সাধারণ মানুষের প্রতিষ্ঠান।

ভোলা জেলা জামায়াতের আমির মো. জাকির হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুআজ্জেম হোসাইন হেলাল, ভোলা জেলা তদারককারী এ কে এম ফখরুদ্দীন উদ্দিন খান রাজী, জেলা নায়েবে আমির ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়