রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদের আলো ডেস্ক: রামিশা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং রামিসা হত্যার ডেথ রেফারেন্সের সিরিয়াল আইনানুগভাবে এগিয়ে আনার জন্য বলা হবে।
রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার ঘটনায় আদালতে ন্যায়বিচার হয়েছে। দেশের বিচারিক ইতিহাস এবং পুলিশের গ্রেফতার ও তদন্ত কার্যক্রমের ইতিহাসে রামিসার ঘটনাটি একটি মাইলফলক। এভাবেই আমরা জনগণের প্রত্যাশা অনু্যায়ী আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।
তিনি আরও বলেন, রামিসার ঘটনা, গোয়ালন্দ ঘাটে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন, গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশের ভূমিকার জন্য তাদের পুরস্কৃত করা হবে। ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে, তিরস্কারের সময় তিরস্কার। এখন পর্যন্ত পুলিশ বাহিনীর যে অর্জন, সেটি প্রশংসার দাবি রাখে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রোববার (৭ জুন) রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।